• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ এএম


রাজধানীর নর্দ্দায় ভয়া/বহ বাস দু/র্ঘ/টনা, নিহ/ত ৪

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ মে ২০২৬ ৩:৪৯ পিএম

রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত চারজন নিহত ও আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আকাশ পরিবহনের একটি বাসে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আকাশ পরিবহনের বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

নিহতরা হলেন— লাইজু বেগম (৩৮), তার স্বামী মো. কবির জোমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) এবং মো. রবিউল (২২)। লাইজু বেগম ও কবির জোমাদ্দারের বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলায়। খুশি বেগমের বাড়িও একই উপজেলায়। অপরদিকে নিহত রবিউলের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।

দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বাড্ডা থানা পুলিশও সেখানে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে এর আগেই ঘাতক ইসলাম পরিবহনের বাসচালক ও হেল্পার পালিয়ে যান।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থল থেকে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন গণমাধ্যমকে জানান, নতুন বাজারের নর্দ্দা এলাকায় একটি বাস কাউন্টার থাকায় সেখানে সবসময় যানবাহনের চাপ থাকে। তিনি বলেন, পটুয়াখালী থেকে আসা ইসলাম পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল।

এসআই নেসার উদ্দিন বলেন, “নতুন বাজার থেকে উত্তরামুখী সড়ক পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর বাস উঠিয়ে দেয়। পরে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি বিপরীত লেনের উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসে ধাক্কা দেয়।”

তিনি আরও জানান, আকাশ পরিবহনের বাসে যাত্রীসংখ্যা বেশি ছিল। অন্যদিকে ইসলাম পরিবহনের বাসে ৫ থেকে ৭ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের ধাক্কায় আকাশ পরিবহনের বাসটি অনেক দূরে সরে যায়।

এসআই নেসার উদ্দিনের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই এক নারী যাত্রী মারা যান। পরে কুর্মিটোলা হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। সর্বশেষ এ ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ইসলাম পরিবহনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসটি পটুয়াখালী থেকেই বেপরোয়া গতিতে চলছিল। চালক ও হেল্পারের আচরণও ছিল অবাধ্য। পুরো পথজুড়ে চালক চিৎকার-চেঁচামেচি করছিলেন বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।

/এসএন