• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:৪৩ এএম


রামিসা বিচারিক মামলায় দ্রুত বিচারে বিচারকের ছুটি বাতিল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ মে ২০২৬ ৬:২৯ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৪ মে) বিকেলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।

আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওইদিন অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আইন মন্ত্রণালয় জানিয়েছে, শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিতে সরকার কাজ করছে। দ্রুত বিচার কার্যক্রম পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট বিচারকের অবকাশকালীন ছুটিও বাতিল করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, রামিসা রাজধানীর পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে তাকে কৌশলে অভিযুক্তদের বাসায় নেওয়া হয়।

পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি করে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে সে অপরাধের কথা স্বীকার করে।

/এএসএফ