• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ এএম


“রামিসা হত্যায় কাঁদছে দেশ: সোহেলের গ্রামেও ক্ষোভ আর লজ্জা”

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ মে ২০২৬ ৭:৩৬ পিএম

নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর দক্ষিণপাড়ার বাসিন্দা সোহেল রানাকে ঘিরে স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে—ছোটখাটো অপরাধ, জুয়া, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ধীরে ধীরে তার জীবন ভয়ংকর অপরাধপ্রবণতার দিকে গড়ায়। গ্রামের মানুষের দাবি, একসময় তিনি সাধারণ সাইকেল মেরামতের কাজ করলেও পরে জুয়া, মদ, চুরি ও বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।

পরিবারও তাকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়।স্থানীয় সূত্র অনুযায়ী, ঋণগ্রস্ত হয়ে পড়ার পর পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যান তিনি। গত কয়েক বছর ধরে গ্রামের সঙ্গে কিংবা মা-বাবার সঙ্গেও তার কোনো যোগাযোগ ছিল না বলে জানিয়েছেন স্বজনরা।

এদিকে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ, হত্যা এবং মরদেহ টুকরো করার মতো নৃশংস ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোহেলের নিজ গ্রামেও বিরাজ করছে শোক, ক্ষোভ ও লজ্জা। স্থানীয়রা বলছেন, এমন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কোনো শিশু এমন নির্মমতার শিকার না হয়।

/বিএসএস