• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম


এবার দিনাজপুরে ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ মে ২০২৬ ১১:৫৭ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১১ বছরের এক শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর মৌজার মালিপাড়ায় ঘটে।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে শিশুটির শারীরিক অবস্থায় পরিবর্তন লক্ষ্য করেন তার মামি। পরে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি সম্পর্কে জানা যায় বলে পরিবার সূত্রে দাবি করা হয়।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় পর্যায়ে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির নামে একটি লিখিত প্রক্রিয়া সম্পন্ন করা হয়, যেখানে স্বাক্ষর নেওয়া হয় এবং আর্থিক ও সম্পত্তি সংক্রান্ত প্রতিশ্রুতির বিষয় উল্লেখ করা হয়। প্রায় অর্ধমাস আগে শাকিব নামে একজন কাজি এই প্রক্রিয়াটি সম্পন্ন করেন বলে জানা গেছে।

ভুক্তভোগীর মামি বলেন, “মেয়েটিকে দেখে আমার কিছুটা অস্বাভাবিক লাগে। এরপর আমি একদিন বুঝতে পারি সে অন্তঃসত্ত্বা। পরে জানাজানি হলে এলাকার সবাই মিলে এ বিষয়টি সমাধান করে। সেই সময় আমি সেখানে ছিলাম না। আমাদের কাউকে জানানো হয়নি।”

শিশুটির মা জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর গ্রামে সবাই মিলে দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে তিনি জানতে পারেন।

শিশুটির বাবা বলেন, “হঠাৎ করেই আমি জানতে পারি, আমার মেয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা। আমার মেয়ের জীবন ঝুঁকিপূর্ণ।”

স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। কেউ এটিকে সামাজিক সমঝোতার বিষয় হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি আরও গভীরভাবে তদন্ত হওয়া উচিত।

ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস বলেন, “১২ বছরের শিশুকে ঘিরে ঘটনাটি সামনে এসেছে। পরিবার ও স্থানীয়ভাবে কিছু প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পরিবার আমাদের সব ঘটনা জানিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

চিকিৎসকরা জানিয়েছেন, অপ্রাপ্তবয়স্ক এই শিশুর স্বাস্থ্যঝুঁকি অত্যন্ত বেশি, তাই তাকে দ্রুত বিশেষায়িত চিকিৎসার আওতায় রাখা জরুরি।