• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৯:৩৮ পিএম


লাহোরে ১৭ দিনের প্রশিক্ষণে অংশ নেবেন সরকারি কর্মকর্তারা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ মে ২০২৬ ১১:২৯ পিএম

দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশ নিতে সরকারের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা পাকিস্তানে যাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে, লাহোরের সিভিল সার্ভিসেস একাডেমিতে আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা ওই আদেশে এক অতিরিক্ত সচিব ও ১১ জন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে।

প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু রায়হান মিঞা, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ফিরোজ আহমেদ ও মুহাম্মদ মনিরুল ইসলামও এই তালিকায় আছেন।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম ও মো. রায়হান আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এফ এম এহতেশামূল হক, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সামছুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ আব্দুস সালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জিল্লুর রহমান এবং বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (যুগ্ম সচিব) জিয়া আহমেদ সুমনও প্রশিক্ষণে অংশ নেবেন।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, কর্মকর্তারা ৪ মে’র কাছাকাছি সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবেন। প্রশিক্ষণকাল ও যাতায়াতের সময়কে তাদের দাপ্তরিক দায়িত্বের অংশ হিসেবে গণ্য করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, এই প্রশিক্ষণের যাবতীয় ব্যয় পাকিস্তান সরকার বহন করবে। ফলে এ সফরে বাংলাদেশ সরকারের কোনো ব্যয় হবে না। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে এবং পাঁচ দিনের মধ্যে বিদেশ প্রশিক্ষণ শাখায় প্রতিবেদন জমা দিতে হবে।

জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করে। এর ফলে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও গতিশীল হয়েছে।

২০২৪ সালের নভেম্বরে প্রথমবারের মতো কোনো পাকিস্তানি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ে। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়।

এই ধারাবাহিকতায় এবার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।