• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম


বিএনপি নেতার সঙ্গে সংঘর্ষে জড়িত শিক্ষিকা বরখাস্ত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ৪:৪২ পিএম

রাজশাহীর দুর্গাপুরের দাওকান্দি ডিগ্রি কলেজে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মারধরের ঘটনায় আলেয়া খাতুন হীরা নামের এক শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজে শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান।

তিনি জানান, কলেজটি জাতীয়করণ হলেও আলেয়া খাতুন হীরা এখনও এমপিওভুক্ত শিক্ষিকা হিসেবে কর্মরত। তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সবার কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হচ্ছে।

এদিকে একই ঘটনায় কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক ও আলেয়া খাতুন হীরার বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষক ও কর্মচারীরা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গত ২৩ এপ্রিল তাফসিরুল কমিটির সদস্যরা কলেজের মাঠ ব্যবহার ও আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে এলে আলেয়া খাতুন হীরা তাদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে মোবাইলে ভিডিও ধারণ শুরু করেন। ভিডিও ধারণে বাধা দিলে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, যার জেরে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীরা অধ্যক্ষ ও অভিযুক্ত শিক্ষিকার পদত্যাগ দাবি করেন।