• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৭:২৬ এএম


দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে ৮ জনের মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ৪:১৫ পিএম

গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৫৬৪ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৪৩ শিশু।

রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে এই ৮ শিশুর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৮ জনে। এর মধ্যে ৪ হাজার ৬০৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ২১ হাজার ৪৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৯৫৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৪২১ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে, যাদের বড় অংশই শিশু। হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমাগত বাড়তে থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। সময়মতো টিকা না নেওয়া এবং আক্রান্তদের সংস্পর্শে আসার কারণে এই প্রাদুর্ভাব দীর্ঘায়িত হচ্ছে। শিশুদের জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১,০৫৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ৬০৭ শিশুর শরীরে এই উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে ২০ হাজার ৪৭৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৭ হাজার ৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এছাড়া, একই সময়ের মধ্যে ৪ হাজার ৪৬০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।