জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি কারখানা (Toyota Motomachi Factory) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রতিষ্ঠানটির প্রথম প্রাইভেটকার পরিদর্শন করেন এবং স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে গাড়িটিতে ওঠেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী কারখানাটি পরিদর্শনে যান। সেখানে পৌঁছানোর পর টয়োটার কর্মকর্তারা তাঁকে গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। পরে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে ঐতিহাসিক গাড়িটিতে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কারখানা পরিদর্শনের সময় তিনি গাড়ি সংযোজন বা অ্যাসেম্বলি প্রক্রিয়াও ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা (Masahiko Moeda), টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা (Shigeru Harada) এবং প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিনিচিরো ওতসুকা (Shinichiro Otsuka)সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ অন্যরা।
টয়োটার গাড়ি তৈরির ইতিহাসে ১৯৩৫ সালে টয়োডা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ ‘টয়োডা মডেল এ১’ তৈরি করা হয়। এর ধারাবাহিকতায় ১৯৩৬ সালে নির্মিত হয় ‘টয়োডা মডেল এএ’, যা টয়োটার প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি। বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় গাড়িটির একটি প্রতিরূপ সংরক্ষিত রয়েছে।
চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেন।
/এসএন