চার দিনের সরকারি জাপান সফর শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে। পরে রাতেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
সফরকালে কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি এবং শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও জাপানের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
জাপান সফরের পুরো সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় কাটিয়েছেন। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। একই সফরে জাপানি বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের নিয়ে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’-এ অংশ নেন তিনি। সেখানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সফরের শেষ পর্যায়ে টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সরকারি সফর শেষে আজ রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
/এসএন