সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কুরআন-সুন্নাহবিরোধী, পাস না করার আহ্বানসম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ কুরআন-সুন্নাহর সুস্পষ্ট পরিপন্থী দাবি করে জাতীয় সংসদে বিলটি পাস না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন।রোববার রাতে জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি সরকারের পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বিলটির বিষয়ে আপত্তি জানান।নজিবুর রহমান বলেন, ২০২৫ সালের ২৩ নভেম্বর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে ২০২৬ সালের ২৮ ডিসেম্বর বর্তমান রাষ্ট্রপতি অঙ্গীকার করেছিলেন, দেশের ৯৫ শতাংশ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন পাস করা হবে না।
কিন্তু বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে এই বিল পাস করতে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।বিলটির বিরোধিতা করে তিনি বলেন, দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের অনেকে মনে করেন, আইনে আজীবন ভোগদখলের বিধান রেখে দান করার যে সুযোগ রাখা হয়েছে, তা ইসলামী আইনের পরিপন্থী। এর মাধ্যমে আল্লাহর নির্ধারিত মিরাস বা উত্তরাধিকার বিধানকে পাশ কাটানোর আশঙ্কা রয়েছে।ব্রিটিশ আমলের প্রসঙ্গ তুলে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ১৯৩৭ সালের মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্টেও মুসলমানদের উত্তরাধিকার, হেবা (দান), বিবাহ ও পারিবারিক বিষয় শরিয়ত অনুযায়ী পরিচালনার বিষয়টি স্বীকৃত হয়েছিল।
সন্তানদের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর মা-বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো সামাজিক সমস্যার কথাও তুলে ধরেন নজিবুর রহমান। তিনি বলেন, সামাজিক সমস্যার সমাধান করতে গিয়ে ইসলামী পারিবারিক আইনকে পাশ কাটানোর কোনো যুক্তি নেই।মা-বাবার অধিকার সুরক্ষায় ২০১৩ সালে আইন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই আইনের মাধ্যমেই মা-বাবার অধিকার সুরক্ষা করা সম্ভব।বক্তব্যের শেষ দিকে তিনি সতর্ক করে বলেন, আল্লাহর নির্ধারিত উত্তরাধিকার ও হেবার বিধানকে পাশ কাটানোর সুযোগ সৃষ্টি করে এমন আইনের পক্ষে যারা ভোট দেবেন, তাদের প্রত্যেককে এর দায়ভার গ্রহণ করতে হবে।
/বিএসএস