• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম


জুলাই অভ্যুত্থানের এই দিনে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ আগস্ট ২০২৬ ৩:৪৬ পিএম

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় আজকের এই দিনে (৪ আগস্ট) উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছিল, ৫ আগস্ট থেকে কার্যকর হবে এই সাধারণ ছুটি।

সে সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন জানান, তিন দিনের সাধারণ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৪ আগস্ট থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু করার ঘোষণা দেয়।

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন।

অসহযোগ আন্দোলনের প্রথম দিন রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসব ঘটনায় ৫২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

/এসএন