• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:০৩ পিএম


সংবিধান সংশোধনে সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ আগস্ট ২০২৬ ১১:২১ এএম

সংবিধানের প্রয়োজনীয় সংশোধন বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত ১২ সদস্যের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে কমিটির কার্যপদ্ধতি, কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মকৌশল চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হতে পারে।মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় সংসদের কেবিনেট কক্ষে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।এর আগে গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে জাতীয় সংসদে ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। সরকারি দল কমিটিতে অংশ নিতে বিরোধী দলগুলোর কাছে পাঁচজন সদস্যের নাম চাইলেও তারা কোনো প্রতিনিধি মনোনয়ন দেয়নি।বিরোধী দলগুলোর দাবি, সংবিধানের আংশিক সংশোধনের পরিবর্তে তারা পূর্ণাঙ্গ সংস্কার চায়। ১৪ জুলাই প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির প্রধান দায়িত্ব হলো সংবিধানের প্রয়োজনীয় সংশোধন বিষয়ে সুপারিশ প্রণয়ন করে জাতীয় সংসদে প্রতিবেদন জমা দেওয়া। তবে কমিটির কাজের ধরন, কার্যপ্রক্রিয়া কিংবা প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকেই এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।অন্তর্বর্তী সরকারের মেয়াদে গত বছরের নভেম্বরে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করা হয়। ওই আদেশের ভিত্তিতে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর জামায়াতসহ কয়েকটি বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য—এই দুই পরিচয়ে পৃথক দুটি শপথ গ্রহণ করেন।অন্যদিকে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী এবং সংরক্ষিত নারী আসনের সদস্যরা সংবিধানে এ ধরনের বিধান না থাকায় কেবল সংসদ সদস্য হিসেবেই শপথ নেন।উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকার সংবিধান সংস্কার কমিশনসহ মোট ছয়টি সংস্কার কমিশন গঠন করে। বিভিন্ন অংশীজনের মতামত, জনমত জরিপ এবং পরামর্শের ভিত্তিতে সংবিধান সংস্কার কমিশন ২০২৫ সালের ৩১ জানুয়ারি সরকারের কাছে বিস্তারিত সুপারিশ জমা দেয়। পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা আলোচনার মাধ্যমে ছয়টি কমিশনের সুপারিশ সমন্বয় করে ‘জুলাই জাতীয় সনদ’ চূড়ান্ত করা হয়। এতে সংবিধান-সংশ্লিষ্ট মোট ৪৮টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়নের অংশ হিসেবেই সংসদের বিশেষ কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

/বিএসএস