দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হবে। এরপর সাধারণ দর্শনার্থীরাও অনলাইনে আবেদন করার মাধ্যমে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই আন্দোলনের স্মৃতি তুলে ধরার লক্ষ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আন্দোলনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, স্মারক, শব্দ ও দৃশ্যধারণ এবং শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছে, যাতে দর্শনার্থীরা আন্দোলনের নানা দিক সম্পর্কে ধারণা লাভ করতে পারেন।
/বিএসএস