• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:৩৭ পিএম


জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ আগস্ট ২০২৬ ১০:২৩ পিএম

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় আন্তঃসীমান্ত পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিউ সো মো-এর বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সরকারের ‘প্রতিবেশী প্রথম’ পররাষ্ট্রনীতির কথা পুনর্ব্যক্ত করে জ্বালানিমন্ত্রী বলেন, নিকটতম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করা বাংলাদেশের জন্য একটি কৌশলগত অগ্রাধিকার।

বাংলাদেশের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে স্বাগত জানান মিয়ানমারের রাষ্ট্রদূত। তিনি পাইপলাইনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনাও খতিয়ে দেখার পরামর্শ দেন। জ্বালানিমন্ত্রীও এ প্রস্তাবকে স্বাগত জানান।

আলোচনায় মিয়ানমার থেকে সরাসরি চট্টগ্রাম পর্যন্ত একটি আন্তঃসীমান্ত গ্যাস পাইপলাইন নির্মাণের দীর্ঘদিনের প্রস্তাবও আবার সামনে আসে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শিল্পাঞ্চলগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।

জ্বালানিমন্ত্রী এ বিষয়ে অগ্রগতি আনতে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেন। তিনি মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর পাশাপাশি প্রয়োজন হলে নিজেও মিয়ানমার সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এ উদ্যোগ বৃহত্তর আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আন্তঃসীমান্ত গ্যাস পাইপলাইন নির্মিত হলে তা আঞ্চলিক অবকাঠামো উন্নয়ন এবং দুই দেশের দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

এ প্রস্তাব বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠক আয়োজন করে সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করেন মিয়ানমারের রাষ্ট্রদূত।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএসএফ