• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ এএম


জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহায়তা চাইল বাংলাদেশ, ইতিবাচক সাড়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ৮:৫৯ পিএম

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সহায়তার বিষয়ে বাংলাদেশকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে এ বিষয়ে আলোচনা হয়।

পরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি জানান, এর আগে সোমবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠান। কুয়ালালামপুর সফররত প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন চিঠিটি আনোয়ার ইব্রাহিমের হাতে পৌঁছে দেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে। জবাবে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মালয়েশিয়ার পক্ষে যেসব সহায়তা দেওয়া সম্ভব, সেগুলো দ্রুত পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে বাংলাদেশকে জানানো হবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান জ্বালানি সংকট সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। জনগণের দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রী নিজেও আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নিচ্ছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও আরপিজিসিএল সার্বক্ষণিক পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং প্রধানমন্ত্রী নিয়মিত পরিস্থিতির খোঁজখবর রাখছেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সরবরাহ ও চাহিদার ব্যবধান কমাতেই মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়ে কাজ চলছে। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা, বিশেষজ্ঞ পরামর্শ এবং প্রয়োজনীয় সম্পদ ভাগাভাগিসহ অন্যান্য সহযোগিতার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।

/এএসএফ