গাজার এক ফিলিস্তিনি কিশোরীর হাতে আঁকা নিজের প্রতিকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেছেন যে, স্পেন সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে।
সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় সানচেজ এ কথা বলেন।
তিনি জানান, গাজার ধ্বংসস্তূপের মধ্যে লায়ান নামের এক ফিলিস্তিনি কিশোরী ও স্থানীয় শিল্পীরা তার প্রতিকৃতি এঁকেছেন। সানচেজের ভাষায়, এই প্রতিকৃতি তার প্রতি স্পেনের জনগণের ভালোবাসার প্রতিফলন।
ফিলিস্তিনিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এত কষ্টের মধ্যেও তারা স্পেনের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য তিনি ধন্যবাদ জানাচ্ছেন। লায়ান, গাজার সব শিশু-কিশোর এবং তাদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, স্পেনের মানুষ তাদের কথা শুনছে, তাদের দেখছে, তাদের পাশে রয়েছে এবং কখনো তাদের ভুলে যাবে না।
ভিডিও বার্তায় স্পেনের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, একদিন গাজার শিশুরা ভয়-ভীতিহীন পরিবেশে নিজেদের স্কুলে ফিরে আবার ছবি আঁকতে পারবে এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তুলবে।
গাজা যুদ্ধ শুরুর পর থেকেই স্পেন ইসরায়েলের নীতির সমালোচনামূলক অবস্থান বজায় রেখেছে। দেশটি ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছে, তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কিছু কার্যক্রমও নিষিদ্ধ করেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
/এএসএফ