দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ পুলিশে নতুন করে ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে টহল কার্যক্রম আরও জোরদার করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। পাশাপাশি এর মাধ্যমে দেশের বিপুলসংখ্যক বেকার তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলার কাজ চলছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে পুলিশে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো নতুন পদ সৃষ্টির প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব রুহুল আমিন জানান, নির্দেশনা পাওয়ার পরপরই প্রশাসনিক কাজ শুরু করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সম্পন্ন হলে পুলিশ সদর দপ্তর নিয়োগপ্রক্রিয়া শুরু করবে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, নতুন থানা প্রতিষ্ঠা এবং দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে পুলিশ বাহিনীতে অতিরিক্ত জনবলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, সাধারণ নিয়মে নতুন পদ সৃষ্টির অনুমোদন পেতে দীর্ঘ সময় লেগে যায়। তবে সরকারের এই উদ্যোগ কত দ্রুত প্রশাসনিক ও আমলাতান্ত্রিক ধাপ অতিক্রম করে বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়, সেটিই এখন দেখার বিষয়।