• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০২:৩৪ এএম


মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মিফতাহ উদ্দিন সেনা হেফাজতে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ১১:০৪ এএম

ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা–সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। ওই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের তালিকায় তৎকালীন র‌্যাব-৭ (চট্টগ্রাম)-এর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের নামও রয়েছে। সে সময় কক্সবাজার জেলা র‌্যাব-৭-এর আওতাধীন ছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একরামুল হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এক দিন পরই ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করল আইএসপিআর।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন একরামুল হক। তিনি টানা ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।