• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:৪০ এএম


পেশাজীবীদের জন্য ঢাবি আইবিএর এমসিপিএস সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ১০:৫৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) তাদের নিয়মিত ৬ সপ্তাহব্যাপী ম্যানেজেরিয়াল কমিউনিকেশন ফর প্রফেশনাল সাকসেস (এমসিপিএস) সার্টিফিকেট কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পেশাজীবীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে এ কোর্স পরিচালিত হবে।

কর্মক্ষেত্রে কার্যকরভাবে বার্তা উপস্থাপন, লিখিত ও মৌখিক যোগাযোগের কৌশল আয়ত্ত করা এবং আচরণগত ও প্রযুক্তিগত যোগাযোগ দক্ষতার মাধ্যমে পেশাগত সাফল্য অর্জনে সহায়তা করার উদ্দেশ্যে কোর্সটির পাঠ্যক্রম সাজানো হয়েছে।

কোর্সের বৈশিষ্ট্য ও সময়সূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ সার্টিফিকেট কোর্সে মোট ১২টি ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতিটি ক্লাসের সময়কাল হবে ৩ ঘণ্টা। কর্মজীবীদের সুবিধার কথা বিবেচনায় রেখে ক্লাস শুধু শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।

কোর্সটি দুটি সেকশনে পরিচালিত হবে। সেকশন ‘এ’ এবং সেকশন ‘বি’—উভয় ক্ষেত্রেই ক্লাসের সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিট। আবেদনকারীর পছন্দ এবং আসনের প্রাপ্যতার ভিত্তিতে যেকোনো একটি সেকশনে ভর্তি নেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ও নির্বাচনপ্রক্রিয়া

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারীরা এ কোর্সে আবেদন করতে পারবেন। এ ছাড়া ভালো প্রতিষ্ঠানে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে এ অভিজ্ঞতার শর্ত শিথিল করা হতে পারে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ আগস্ট পর্যন্ত নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত আবেদনকারীদের সাক্ষাৎকার বা ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। কোর্সে ভর্তির জন্য মোট ৩২ হাজার টাকা ফি ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

মূল্যায়ন ও সনদ

শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্ট, কেস স্টাডি এবং পরীক্ষার মাধ্যমে। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।

তবে সনদ অর্জনের জন্য ক্লাসে কমপক্ষে ৭০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। কোর্সে আইবিএর অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি করপোরেট জগতের শীর্ষস্থানীয় প্রধান নির্বাহী কর্মকর্তারাও বিভিন্ন সেশন পরিচালনা করবেন।

যোগাযোগ

ভর্তিসংক্রান্ত অতিরিক্ত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনের ৪০২ নম্বর কক্ষ (৪র্থ তলা) অথবা ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের +৮৮০১৭৬৬৯৯৩৩৯০ এবং +৮৮০১৭২৬৮৮৫৩২৯ নম্বরে যোগাযোগ করা যাবে।