দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সোমবার (২৭ জুলাই) ঢাকা সেনানিবাসের বিএএফ বাশার ঘাঁটিতে বাংলাদেশ সেন্টার অব এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ ভবনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে দেশের আকাশসীমা প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ভূ-রাজনীতি এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার প্রেক্ষাপটে বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বিমানবাহিনী প্রধান বলেন, বর্তমান বিশ্বে জাতীয় নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো দেশের আকাশসীমার ওপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখা। এ দায়িত্ব পালনে বাংলাদেশ বিমানবাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং সক্ষমতা বৃদ্ধির কৌশল বাস্তবায়ন অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে তথ্য ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীর বলেন, দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পরাশক্তিগুলোর প্রতিযোগিতা এবং নতুন কৌশলগত জোটের উত্থান দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা বিশেষজ্ঞদের নিয়ে গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের আকাশসীমা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সুরক্ষার জন্য সরকার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি আকাশসীমা লঙ্ঘন প্রতিরোধে প্রতিবেশী ও মিত্র দেশগুলোর সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন।
/এএসএফ