‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে।
রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান। এতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি পৃথক আইন প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’-এর অপব্যবহার করা সম্ভব হবে না। এ কারণে বিবাদীদের নতুন আইন প্রণয়নের নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়েছে।
রিটে আরও বলা হয়েছে, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা দিতে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের ক্ষেত্রে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারির আবেদন করা হয়েছে।
একই সঙ্গে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ কিংবা ‘যৌতুক আইন’-এর অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে রক্ষা করার লক্ষ্যে বিবাদীদের কেন ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল জারির আর্জি জানানো হয়েছে।
রিটে আরও অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে। এতে বলা হয়েছে, রুলের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা দিতে বিবাদীদের ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হোক।
/এসএন