পটুয়াখালীর গলাচিপার ১১ জেলেকে বহনকারী একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যাওয়ার ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ছয় জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্বজনরাও পৃথক ট্রলার নিয়ে গভীর সমুদ্রে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, গত রোববার (৫ জুলাই) রাতে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে মোট ১১ জন জেলে ছিলেন।
দুর্ঘটনার পর পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ছয়জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া আহত জেলেদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উদ্ধার হওয়া জেলে বায়েজিদ জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা ট্রলারের একটি অংশ এবং একটি বয়া ধরে প্রায় ছয় ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার এসে তাদের উদ্ধার করে।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন পানপট্টি ইউনিয়নের দক্ষিণ পানপট্টি গ্রামের মৃত গেদু হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার, পানপট্টি গ্রামের মো. ইমাদুল, গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের মো. ফোরকান, মো. সায়েম ও মো. আল আমিন এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মো. আকাশ।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বৈরী আবহাওয়ার মধ্যেও নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্বজনরাও পৃথক ট্রলার নিয়ে সম্ভাব্য এলাকাগুলোতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
/এএসএফ