রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত সরকারি অফিসার্স কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
সোমবার (৬ জুলাই) রাতে কোয়ার্টারের ১৪ তলা ভবনের বেজমেন্টে থাকা একটি গাড়ির সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাফিয়াল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও চারটি ইউনিট যোগ করা হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
/এএসএফ