• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ এএম


প্রেমের প্রস্তাব প্র’ত্যাখ্যানের পর শ্রেণিকক্ষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বি’ষপান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুলাই ২০২৬ ৮:৫২ পিএম

নাটোরের লালপুর উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় রাকিব হোসেন (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষের ভেতর বিষপান করেছে বলে জানা গেছে। সোমবার (৬ জুলাই) দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়কে কেন্দ্র করে রাকিব শ্রেণিকক্ষেই বিষপান করে বলে জানা গেছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা খোঁজখবর নিচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা জানান, ক্লাস চলাকালে রাকিব মাথা নিচু করে বসেছিল। পরে সে শ্রেণিশিক্ষিকাকে জানিয়ে ওয়াশরুমে যায় এবং কিছুক্ষণ পর আবার শ্রেণিকক্ষে ফিরে আসে। এরপর তার পাশে বসা শিক্ষার্থীরা শরীর থেকে গন্ধ পাচ্ছে বলে জানালে শ্রেণিশিক্ষক অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

সূত্র: যুগান্তর

/এসএন