ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র চার ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে কাচিঝুলী মসজিদ রোড এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে।
নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে লেখাপড়া করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এর প্রায় চার ঘণ্টা আগে তিশা ভবনটির ছয়তলার ছাদে উঠে নিচে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ভোরের দিকে মেসের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকায় ঘটনার সময় ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কিছু জানাতে পারেননি।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিশা বহুতল ভবনের ছয়তলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। পরীক্ষা-সংক্রান্ত মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
/এএসএফ