নরসিংদীর মনোহরদীতে অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা এবং শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তানশির বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে মাদ্রাসার অযুখানায় অযু করছিলেন কয়েকজন শিক্ষার্থী। এ সময় আকস্মিক বজ্রপাত হলে চারজন ছাত্র গুরুতর আহত হন।
পরে তাদের দ্রুত উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জহিরুল হক, আবু রায়হান ও আবু জাফরকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি জাহাঙ্গীর বাদশা জানান, বজ্রপাতে আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে তিনজনের মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এদিকে একসঙ্গে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মাদ্রাসা, পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও মাদ্রাসা প্রাঙ্গণে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
সূত্র: পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ
/এএসএফ