• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম


শাহজালাল মাজার ইস্যুতে মুখ খুললেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

সারওয়ার আলম ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারে স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতি মন্ত্রীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুন ২০২৬ ১১:১৩ পিএম

মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, মাজার পরিচালনায় মানুষের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ রাখা হবে না।

বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের প্রত্যাশা বাস্তবায়নে দ্রুত একটি কার্যকর পর্যায়ে পৌঁছানো হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে জনগণের চাহিদা অনুযায়ী একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।

সিলেটে সাম্প্রতিক মাজার ইস্যু এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বদলি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, বদলির বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এটি তাদের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হতে পারে। আগে হলেও হতে পারত, পরে হলেও হতে পারত। বিষয়টি কাকতালীয়ভাবে ঘটেছে। তবে তিনি মন্তব্য করেন, সারওয়ার আলম তাদের চোখ খুলে দিয়েছেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে।

প্রবাসীদের সেবার মান উন্নয়নের বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধা বিবেচনায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা।

তিনি আরও জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

একইসঙ্গে বিমানবন্দরে প্রবাসীরা যেন কোনো ধরনের হয়রানি বা অসুবিধার সম্মুখীন না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মালয়েশিয়া সফর প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার মাধ্যমে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী জুলাই মাসের মধ্যেই মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। এতে চলমান বিভিন্ন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাতারে নিহত বাংলাদেশিদের বিষয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কেও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানকে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে।

পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে মন্ত্রী সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

/এসএন