সিলেটের হজরত শাহজালাল (র.) মাজারে পাঁচ লাখ টাকা দান করেছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থের সঙ্গে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের তহবিল থেকে এই অর্থ জমা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।
তিনি জানান, হজরত শাহজালাল (র.)-এর মাজারের দানবাক্সে জমা হওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক হিসাব নম্বরে জমা করা হয়। এর সঙ্গে জেলা প্রশাসনের ফান্ড থেকে ডিসি মো. সারওয়ার আলম আরও ৫ লাখ টাকা প্রদান করেন। ফলে ওই দিন মাজারের ব্যাংক হিসাবে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা হয়।
প্রায় সাতশ বছরের প্রচলিত রীতির বাইরে গিয়ে প্রথমবারের মতো হজরত শাহজালাল (রহ.) মাজারে জমা হওয়া দানের অর্থ প্রকাশ্যে গণনার উদ্যোগ নেন মো. সারওয়ার আলম। এই উদ্যোগকে কেন্দ্র করে তিনি আলোচনায় আসেন। গত রোববার তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এরপরও তিনি দানের অর্থ প্রকাশ্যে গণনার কার্যক্রম চালিয়ে যান।
সোমবার বিকেলে মাজারের দানবাক্স খুলে প্রকাশ্যে অর্থ গণনার ব্যবস্থা করা হয়। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ কার্যক্রম শেষে মাজারের দানবাক্সগুলোতে চার দিনে জমা হওয়া অর্থ ও স্বর্ণালঙ্কারের হিসাব প্রকাশ করা হয়।
পরে ওয়াকফ কর্মকর্তা সজল মিয়া ঘোষণা করেন, জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা তিনটি ডেগ ও একটি দানবাক্স খুলে গণনা শেষে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা এবং ৭ আনা সোনা পাওয়া গেছে। একই সঙ্গে ওই অর্থের সঙ্গে মো. সারওয়ার আলম আরও ৫ লাখ টাকা দান করেন।
এর আগে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে প্রত্যাহারের কারণ কিংবা সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিলেটবাসীর উদ্দেশে বিদায়ী বার্তা দেন মো. সারওয়ার আলম। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
/এসএন