• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৪:০৬ এএম


রাতের আঁধারে কৃষকের ৫ কাঠা ফসলি জমির মাটি কেটে নিয়ে গেল ভূমিদস্যুরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ৯:৪৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর এলাকায় রাতের অন্ধকারে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষকদের দাবি, এক রাতের মধ্যেই প্রায় ৫ কাঠা জমির মাটি কেটে নেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।

স্থানীয় বাসিন্দা, ক্ষতিগ্রস্ত কৃষক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত ১১ জুন রাতের আঁধারে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দেবীনগর মৌজার ফাটাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পরে ১৫ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন শাহজাহানপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে ও ক্ষতিগ্রস্ত কৃষক মো. তাহির উদ্দিন।অভিযোগে বলা হয়েছে, শফিকুলের নেতৃত্বে তার ছেলে মো. সোহেল, হরিশপুর খাপড়িপাড়ার মৃত মোজাফফর আলীর ছেলে মো. তেজামুল এবং তার ছেলে মো. জুয়েল রাতের অন্ধকারে ফসলি জমির মাটি কেটে নিয়ে যান।ভুক্তভোগী কৃষক তাহির উদ্দিন বলেন, “স্বাধীনতার আগে থেকেই আমাদের বাপ-দাদারা এসব জমি ভোগ-দখল ও চাষাবাদ করে আসছিলেন।

কিন্তু ২-৩ বছর আগে হঠাৎ করে জমির মালিকানা দাবি করে শফিকুল, তেজামুল ও তাদের লোকজন জোরপূর্বক জমি দখল করে নেয়। বাধা দিতে গেলে আমাদের মারধর ও গুরুতর জখম করা হয়। কয়েক দফায় আমাদের চাষ করা ফসলও কেটে নিয়ে গেছে। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে রাতের অন্ধকারে জমির পুরো মাটি কেটে নিয়ে গেছে তারা।”আরেক ভুক্তভোগী কৃষক আইয়ুব আলী বলেন, “উত্তরাধিকার সূত্রে আমরা ৯ ভাই এই জমির মালিক। কিন্তু তারা গায়ের জোরে জমি দখল করে রেখেছে। জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। আদালতকে তোয়াক্কা না করে রাতের অন্ধকারে তারা মাটি কেটে ইটভাটায় বিক্রি করেছে। আমরা এর ন্যায্য বিচার চাই।”

অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, তিনি এ বিষয়ে একটি মৌখিক অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ খতিয়ে দেখে তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

/বিএসএস