• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম


আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক র‍্যাব, যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুন ২০২৬ ৭:৫৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুনকে কেন্দ্র করে যেকোনো ধরনের কর্মসূচি কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২১ জুন) সকালে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন র‍্যাব-২ এর অধিনায়ক নায়মুল হাসান। তিনি বলেন, ২৩ জুনকে ঘিরে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তাহলে তারা নিজেরাই বড় ধরনের ঝুঁকিতে পড়বে। র‍্যাব যেকোনো মূল্যে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে এবং এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ বিষয়ে দেশের সব র‍্যাব স্টেশনে প্রয়োজনীয় বার্তা পাঠানো হয়েছে। কেউ যদি অস্ত্রসহ বা অন্য কোনো উপায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঝুঁকি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে দলটির নেতাকর্মীদের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলেও উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর ইতোমধ্যে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো গোপন মিছিল, নাশকতা কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে সারা দেশে সদস্যরা বিশেষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

/এসএন