• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম


৩ মাসের উন্নয়ন আ.লীগের ১৫ বছরের চেয়েও বেশি: মির্জা ফখরুল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুন ২০২৬ ৯:১৭ পিএম

গত তিন মাসে দেশে যে পরিমাণ উন্নয়ন কাজ হয়েছে, আওয়ামী লীগের শাসনামলের ১৫ বছরেও সেই পরিমাণ কাজ হয়নি বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও ব্রিজ আছে, ইনশাআল্লাহ আমরা পাঁচ বছরের মধ্যে সব কমপ্লিট করে দেব। তিন মাসে যা কাজ হয়েছে, আওয়ামী লীগের আমলে ১৫ বছরেও তা হয়নি।”

গজারিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ফুলদী ব্রিজ নির্মাণ প্রসঙ্গেও কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, চলতি বছরের মধ্যেই ফুলদী ব্রিজের নির্মাণকাজ শুরু হবে।

উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে তিনি ভবেরচর বাজার এলাকায় ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই তলাবিশিষ্ট গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন।

পরে কালীগাছতলা থেকে ব্র্যাক অফিস-ইমামপুর পর্যন্ত দুই কিলোমিটার সড়কের পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এর পাশাপাশি রসূলপুর খেয়াঘাট এলাকায় প্রস্তাবিত ফুলদী ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এসএন