জাতীয় সংসদে ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহার করে দেওয়া বক্তব্য নিয়ে সৃষ্টি হওয়া আলোচনা-সমালোচনার পর এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান।
বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক জেবা আমিন খান বলেন, দেশের সড়ক পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরতেই তিনি ‘কাঁচা রাস্তা’ শব্দটি ব্যবহার করেছেন।
তিনি বলেন, “আমি কী বোঝাব বলেন। আমাদের দেশের রাস্তাগুলোর যে অবস্থা, আমি তো ‘কাঁচা রাস্তা’ সঠিক বাংলা বলেছি, তাই না? তো এখন আমি কী বলবো? ডার্ট রোড? অর আনপেইভড রোড? আপনারা কোনটা বললে বুঝবেন? আনপেইভড রোড আর ডার্ট রোড বললে তো বুঝতেন না। এজন্য আমি ‘কাঁচা রাস্তা’ বলেছি।”
জেবা আমিন আরও বলেন, রংপুর-৬ আসনের সংসদ সদস্য প্রথমে বিষয়টি উল্লেখ করেছিলেন। তিনি বলেন, “আমি রংপুর-৬ এ যাতে কাজগুলো সুন্দর করে হয়, ওই জন্য ‘কাঁচা রাস্তা’ উল্লেখ করেছি।”
এর আগে মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি সড়কের বেহাল অবস্থার জন্য দুর্নীতিকে দায়ী করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে বড় বড় উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলেও সাধারণ মানুষের জন্য কার্যকর উন্নয়ন নিশ্চিত করা যায়নি।
তার দাবি, এসব কারণে দেশের বিভিন্ন এলাকায় এখনো কাঁচা রাস্তার সমস্যা রয়ে গেছে এবং সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এ সময় তিনি বর্তমান সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বানও জানান।
সংসদে দেওয়া ওই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহারের কারণ ব্যাখ্যা করেন জেবা আমিন খান।
/এসএন