রাজধানীর আদাবর ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক।
এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।
সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে মিরপুর থানার একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছিল।
পরে হাইকোর্ট ওই মামলায় তাকে জামিন দিয়ে রুল জারি করেন। তবে সেই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। পরবর্তীতে আপিল বিভাগ ওই মামলায় তার জামিন বহাল রাখেন।
এর ধারাবাহিকতায় হাইকোর্ট বিভাগে আরও দুটি মামলায় জামিন পান সৈয়দ সায়েদুল হক সুমন। তবে আদাবর ও যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় দেওয়া সেই জামিন এবার আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে স্থগিত করা হলো।
/এসএন