ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শহরের মেয়রের মুখপাত্র আব্দুলমোহর মোহাম্মদখানির তথ্য অনুযায়ী, এ হামলায় প্রায় ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির মধ্যে অনেকগুলোতে সামান্য মেরামত—যেমন দরজা-জানালা বা কাঁচ ঠিক করা—দরকার, আবার কিছু বাড়িতে বড় ধরনের সংস্কার কিংবা সম্পূর্ণ পুনর্নির্মাণ প্রয়োজন হতে পারে।
হামলার প্রভাবে বসবাস অনুপযোগী হয়ে পড়ায় অন্তত ১ হাজার ৮৬৯টি পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে। এছাড়া আরও প্রায় ১ হাজার ২৪৫টি পরিবারকে ২৩টি আবাসিক কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।
মেয়র কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, পৌরসভার তত্ত্বাবধান ও আর্থিক সহায়তায় ইতোমধ্যে ৪ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত বাড়িতে মেরামত কাজ শুরু হয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা