• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৮:৫৮ এএম


অতিরিক্ত কীটনাশকের অভি'যোগে

ভারতীয় আম আমদানি বন্ধ করল নেপাল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুন ২০২৬ ১১:৫২ পিএম

ভারত থেকে আম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় আমের কয়েকটি চালানে অনুমোদিত মাত্রার তুলনায় বেশি রাসায়নিক ও কীটনাশকের উপস্থিতি শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

নেপালের সীমান্ত এলাকায় আমদানিকৃত আমের নমুনা পরীক্ষা করার সময় একাধিক চালানে মাত্রাতিরিক্ত রাসায়নিক উপাদান পাওয়া যায়। এরপর ভারতীয় আমের প্রবেশ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

খাদ্য নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অতিরিক্ত কীটনাশকযুক্ত ফল দীর্ঘমেয়াদে ভোক্তাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় আমের আমদানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর আগেও ভারতীয় আমের মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাপান আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল।

নেপাল সরকার জানিয়েছে, ভবিষ্যতে আমদানিকৃত ফল আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী নিরাপদ ও মানসম্মত প্রমাণিত হলে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। সে ক্ষেত্রে ভারতীয় আম আমদানির ওপর আরোপিত বর্তমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

/এসএন