• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৩:০১ এএম


মুজাফফরাবাদে পাকিস্তানি সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সব আরোহী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ জুন ২০২৬ ৯:২৩ পিএম

পাকিস্তান সেনাবাহিনীর এভিয়েশন শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা সব আরোহী নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে মুজাফফরাবাদের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, হেলিকপ্টারটিতে থাকা সকল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে এতে মোট কতজন আরোহী ছিলেন কিংবা নিহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এ ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) এবং সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি সেনাবাহিনীর সব পর্যায়ের সদস্যরাও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নিহতদের পরিবারের এই শোকের সময়ে পাকিস্তান সেনাবাহিনী তাদের পাশে রয়েছে এবং দুর্ঘটনার কারণ নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করা হবে।

/এএসএফ