• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:২৫ পিএম


ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ভেতরে ছিলেন ৩ সেনা কর্মকর্তা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ মে ২০২৬ ৭:৫৭ পিএম

ভারতের লাদাখের লেহ সংলগ্ন দুর্গম পার্বত্য অঞ্চল তাংস্তেতে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় হেলিকপ্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন ভেতরে থাকা তিন সেনা কর্মকর্তা।

গত ২০ মে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (২৩ মে) সকালে সামরিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল ভারতীয় সেনাবাহিনীর একক ইঞ্জিনের ‘চিতা’ মডেলের। এতে একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর এবং ভারতীয় সেনাবাহিনীর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল শচীন মেহতা ছিলেন।

সামরিক সূত্র জানায়, দুর্ঘটনার পর হেলিকপ্টারটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও তিন কর্মকর্তাই সামান্য আঘাত নিয়ে বেঁচে যান। লেহর মতো দুর্গম ও প্রতিকূল পাহাড়ি অঞ্চলে এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে জীবিত ফিরে আসাকে সামরিক কর্মকর্তারা ‘অলৌকিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন।

তবে দুর্ঘটনার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মেজর জেনারেল শচীন মেহতার একটি সেলফি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসস্তূপের পাশে পাথুরে জায়গায় বসে হাসিমুখে অন্য দুই কর্মকর্তার সঙ্গে ছবি তুলছেন তিনি।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

দুর্ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরোনো ‘চিতা’ হেলিকপ্টার বহরের নিরাপত্তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

১৯৭০-এর দশকে ভারতীয় বাহিনীতে যুক্ত হওয়া ‘চিতা’ হেলিকপ্টারগুলো ১৯৮৪ সালের ঐতিহাসিক ‘অপারেশন মেঘদূত’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সিয়াচেন হিমবাহে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযানে এই হেলিকপ্টার ব্যবহার করা হয়।

তবে গত কয়েক বছরে একাধিক দুর্ঘটনা এবং বেশ কয়েকজন দক্ষ পাইলটের মৃত্যুর ঘটনায় এই হেলিকপ্টারগুলোর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভারতীয় সেনাবাহিনী ধীরে ধীরে এই পাঁচ আসনের চিতা হেলিকপ্টার বহর সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর পরিবর্তে দেশীয় প্রযুক্তিতে তৈরি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএএল) ‘লাইট ইউটিলিটি হেলিকপ্টার’ বা এলইউএইচ অন্তর্ভুক্ত করা হচ্ছে।

জানা গেছে, সেনাবাহিনী ইতোমধ্যে সীমিত উৎপাদন সিরিজের ছয়টি এলইউএইচের অর্ডার দিয়েছে। এই হেলিকপ্টার ঘণ্টায় সর্বোচ্চ ২২০ কিলোমিটার গতিতে চলতে পারে এবং প্রায় সাড়ে ৬ কিলোমিটার উচ্চতায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত কার্যক্রম পরিচালনায় সক্ষম।