আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান-এর খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ গাড়ি বোমা হামলা ও গুলির ঘটনায় অন্তত ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান নামে একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।
পুলিশ কর্মকর্তা জাহিদ খান বার্তাসংস্থা AFP-কে জানান, একটি নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়। এতে পুরো নিরাপত্তা চৌকিটি ধ্বংস হয়ে যায়।
এরপর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যরা পৌঁছালে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। নিরাপত্তা সূত্রের বরাতে Reuters জানিয়েছে, হামলাকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় এবং ড্রোনও ব্যবহার করে।
পুলিশের এক কর্মকর্তা জানান, প্রথমে বিস্ফোরণের মাধ্যমে নিরাপত্তা চৌকি গুঁড়িয়ে দেওয়া হয়, পরে সহায়তায় যাওয়া বাহিনীর ওপর অ্যাম্বুশ করা হয়।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেসামরিক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
সূত্র: Al Jazeera
/এএসএফ