• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:০৫ পিএম


ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমি’কম্প, এশিয়াজুড়ে সুনামি আ’তঙ্ক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুন ২০২৬ ৬:২১ পিএম

ফিলিপাইনে সোমবার সকালে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে ফিলিপাইনের উপকূলে প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু উপকূলীয় এলাকায় ৩ ফুটেরও বেশি উচ্চতার ঢেউয়ের আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে একটি তিনতলা ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। ধূলিকণায় আচ্ছন্ন অবস্থায় একটি রেস্তোরাঁও ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা যায়।

পরিস্থিতি বিবেচনায় ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপানের সরকার সুনামি সতর্কতা জারি করেছে। দেশগুলো জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের কোনো ধরনের অপেক্ষা না করে দ্রুত উঁচু স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, মিন্দানাওয়ের কয়েকটি উপকূলীয় এলাকায় ইতোমধ্যে এর প্রভাব দেখা দিতে শুরু করেছে।

অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও নাগরিকদের সুনামি সতর্কতা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হলে সবাইকে তা অনুসরণ করতে হবে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। শক্তিশালী এ কম্পনের পর সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

/এসএন