• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম


‘তেলাপোকাকে সরকার এত ভয় পাচ্ছে কেন?’— প্রশ্ন সিজেপি প্রতিষ্ঠাতার

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্ট ব্ল’ক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ১২:২৪ পিএম

ভারতে অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেকার তরুণদের নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি এখন প্রশাসনিক বাধার মুখে পড়েছে।

প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অভিযোগ করেছেন, ভারতীয় কর্তৃপক্ষ তাদের জনপ্রিয় ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থান করা অভিজিৎ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, একটি ‘তেলাপোকা’ বা এই প্ল্যাটফর্মকে সরকার কেন এত ভয় পাচ্ছে।

এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে তিনি লেখেন, “তেলাপোকা কখনো মরে না।”

জানা গেছে, ‘ককরোচ জনতা পার্টি’ কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়। এটি মূলত একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম, যা গত ১৬ মে আত্মপ্রকাশের পর থেকেই ভারতের তরুণদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। খুব অল্প সময়ের মধ্যেই ইনস্টাগ্রামে তাদের অনুসারীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়ে যায়। যা ভারতের ক্ষমতাসীন বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অনুসারীর সংখ্যার দ্বিগুণেরও বেশি বলে উল্লেখ করা হয়েছে।

তবে বর্তমানে ভারত থেকে সিজেপির ওয়েবসাইট কিংবা তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে দেখা যাচ্ছে, ‘আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে অ্যাকাউন্টটি বন্ধ রাখা হয়েছে’—এমন বার্তা।

অভিজিৎ দিপকে পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনসে স্নাতকোত্তর করছেন। অতীতে তিনি আম আদমি পার্টির (আপ) সোশ্যাল মিডিয়া টিমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন এবং মিমভিত্তিক প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, শুধু ওয়েবসাইট নয়, তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং দলীয় অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সিজেপির দ্রুত জনপ্রিয় হয়ে ওঠার পেছনে ভারতের তরুণ সমাজের বেকারত্ব, হতাশা এবং মূলধারার রাজনীতিতে নিজেদের উপেক্ষিত মনে করার প্রবণতা বড় ভূমিকা রেখেছে। ১৪০ কোটি মানুষের দেশে তরুণদের সংখ্যা অর্ধেকেরও বেশি হলেও রাজনৈতিক অঙ্গনে তাদের অংশগ্রহণের সুযোগ এখনও সীমিত।

সিজেপির স্বেচ্ছাসেবকেরা তেলাপোকার আদলে পোশাক পরে বিভিন্ন পরিচ্ছন্নতা অভিযান ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আগেও আলোচনায় এসেছিলেন।

/এসএন