• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:০১ এএম


পুনর্নির্বাচনে ভরাডুবি তৃণমূলের, ফলতায় জিতলেন বিজেপি প্রার্থী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ মে ২০২৬ ১১:৫২ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী দেবাংশু পান্ডা। এ নির্বাচনে বড় ধরনের ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। দলটির প্রার্থী জাহাঙ্গীর খান ভোটের হিসাবে চতুর্থ স্থানে নেমে গেছেন।

গত ২১ মে ফলতা বিধানসভা আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৬৬ ভোট। ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিএম) প্রার্থী শম্ভু কুর্মি এবং কংগ্রেস প্রার্থী আবদুর রাজ্জাক মোল্লা সমান ৪০ হাজার ৬৪৫টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান পেয়েছেন মাত্র ৭ হাজার ৭৮৩ ভোট। এতে তিনি নির্বাচনে চতুর্থ অবস্থানে চলে যান।

এর আগে গত ২৯ এপ্রিল এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। তবে ওই নির্বাচনে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাস ও অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতের নির্বাচন কমিশন সেই দিনের ভোট বাতিল করে দেয় এবং পরে ২১ মে পুনর্নির্বাচনের তারিখ ঘোষণা করে।

পুনর্নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে নাটকীয়ভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। সে সময় তিনি দাবি করেছিলেন, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ফলতা এলাকার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন। এর ফলে ফলতা ‘সোনার ফলতায়’ পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। সেই কারণেই তিনি ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তবে আনুষ্ঠানিক ব্যালটে তাঁর নাম থাকায় ভোটারদের দেওয়া ভোট তাঁর প্রতীকেই পড়ে।