• ঢাকা
  • রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম


হরমুজ প্রণালির সংকটে দুর্ভিক্ষের ঝুঁকিতে ৪ কোটি ৫০ লাখ মানুষ: জাতিসংঘ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ২:৩৬ পিএম

হরমুজ প্রণালি দিয়ে সার সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে বিশ্বের কয়েক কোটি মানুষ চরম অনাহার ও দুর্ভিক্ষের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

এ বিষয়ে জাতিসংঘের গঠিত একটি টাস্কফোর্সের প্রধান এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) নির্বাহী পরিচালক এবং সংকট মোকাবিলায় গঠিত টাস্কফোর্সের প্রধান হোর্হে মোরেরা দা সিলভা বলেন, ‘একটি বড় ধরনের মানবিক বিপর্যয় রোধ করার জন্য আমাদের হাতে মাত্র কয়েক সপ্তাহ সময় আছে।’

তিনি জানান, বিশ্বের মোট সারের প্রায় এক-তৃতীয়াংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। বর্তমানে চলমান অচলাবস্থার কারণে সার সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদনে বড় ধরনের ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে।

সিলভা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই পরিস্থিতির কারণে অতিরিক্ত আরও ৪ কোটি ৫০ লাখ মানুষ ক্ষুধা ও অনাহারের শিকার হতে পারে।

বিশ্বের সার বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটটি বন্ধ হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘ মনে করছে, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে এটি ‘ম্যাসিভ হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস’ বা ভয়াবহ মানবিক সংকটে রূপ নিতে পারে।

/এইচটি