• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম


নেতানিয়াহুকে ‘গণহত্যার মূল কারিগর’ বললেন জোহরান মামদানি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ অক্টোবর ২০২৬ ৯:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত ‘ভয়াবহ গণহত্যার মূল কারিগর’ হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মৃত্যু অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মামদানি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে আসার সময় তাকে গ্রেপ্তার না করার সিদ্ধান্ত ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিষয়।নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ বিষয়ে নিউইয়র্ক সিটি সরকারের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন নিউইয়র্কের মেয়র। তার মতে, যুক্তরাষ্ট্রের আইসিসির সদস্য হওয়া উচিত।নেতানিয়াহু প্রসঙ্গে মামদানি বলেন, ‘যখন নেতানিয়াহুর কথা বলা হয়, তখন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত এক ভয়াবহ গণহত্যার মূল কারিগরের কথা বলা হয়।’গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনিদের মৃত্যু থামেনি বলেও দাবি করেন তিনি। এ প্রসঙ্গে গত সপ্তাহে নিরাপদ হিসেবে বিবেচিত একটি এলাকায় ১১ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হওয়ার ঘটনাটিও তুলে ধরেন মামদানি।নিউইয়র্কের মেয়র জানান, গত সপ্তাহে তিনি মেয়রের সরকারি বাসভবনে কয়েকটি ফিলিস্তিনি পরিবারের সদস্যদের আতিথেয়তা দিয়েছেন। তাদের সঙ্গে কথা বলার সময় যুদ্ধের কারণে পরিবার ও ব্যক্তিগত জীবনে কী ধরনের বিপর্যয় নেমে এসেছে, সে অভিজ্ঞতার কথাও শুনেছেন তিনি।মামদানি বলেন, ফিলিস্তিনিরা যে বিষয়গুলো চান, সেগুলো মূলত বিশ্বের সব মানুষেরই মৌলিক চাওয়া। এর মধ্যে রয়েছে পরিবারের সঙ্গে থাকা, নিরাপদে জীবনযাপন করা এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকা।ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থনেরও সমালোচনা করেন নিউইয়র্কের মেয়র। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র সরকার শুধু ফিলিস্তিনিদের এসব মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতে দেখছে না, বরং আর্থিকভাবেও এই প্রক্রিয়ায় সমর্থন দিচ্ছে।

সূত্র: ফরোয়ার্ড

/বিএসএস