• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম


ছেলের গেমিং আসক্তির কারণ খুঁজতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার ৬০ বছরের মা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ অক্টোবর ২০২৬ ৮:৫৬ পিএম

ছেলের গেমিং আসক্তির কারণ বুঝতে গিয়ে নিজেই কম্পিউটার গেম খেলা শুরু করেছিলেন দক্ষিণ চীনের ৬০ বছর বয়সি এক নারী। ছেলেকে বোঝার উদ্দেশ্যে শুরু করা সেই আগ্রহই এখন তাকে জনপ্রিয় গেমিং লাইভস্ট্রিমারে পরিণত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা বাড়ছে, আর তার লাইভস্ট্রিম দেখতে নিয়মিত হাজির হচ্ছেন হাজারো দর্শক।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াংডং প্রদেশের মেইঝৌ শহরের উপকণ্ঠে বসবাস করেন ঝং জুয়ানজুয়ান। অনলাইন জগতে তিনি ‘আন্টি জুয়ান’ নামে পরিচিত।

ঝংয়ের পড়াশোনা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত। জীবনের বিভিন্ন সময়ে তিনি বিক্রয়কর্মী, শিশুর দেখাশোনাসহ নানা ধরনের খণ্ডকালীন কাজ করেছেন। প্রায় ১০ বছর আগে তিনি অবসর নেন।

তবে গেমিংয়ের প্রতি ঝংয়ের আগ্রহের পেছনে রয়েছে পারিবারিক একটি ঘটনা। প্রায় দুই দশক আগে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তার ছেলে সুয়োডে গেমে আসক্ত হয়ে পড়েছিলেন। এর প্রভাব তার পড়াশোনাতেও পড়ে এবং পরীক্ষার ফলাফল খারাপ হতে শুরু করে।

ছেলেকে গেম খেলা থেকে বিরত রাখতে ঝং প্রায়ই স্থানীয় ইন্টারনেট ক্যাফেতে তাকে খুঁজতে যেতেন। কখনও কখনও সেখান থেকে ছেলেকে জোর করে বের করেও আনতেন তিনি।

কিন্তু ২০২০ সালে পরিস্থিতি পাল্টে যায়। চাকরি ছেড়ে দেওয়ার পর সুয়োডে দীর্ঘ সময় বাড়িতে বসে গেম খেলতে থাকেন। ছেলের গেমের প্রতি এত আগ্রহের কারণ কী, তা বুঝতে এবার নিজেই সেই ভার্চুয়াল জগতে প্রবেশের সিদ্ধান্ত নেন ঝং।

মা গেম খেলতে আগ্রহী হওয়ায় প্রথমে অবাক হয়েছিলেন সুয়োডে। তবে পরে তিনি ধৈর্য ধরে মাকে গেম খেলা শেখাতে শুরু করেন।

গেম শেখার শুরুর দিকে বেশ সমস্যার মুখোমুখি হতে হয় ঝংকে। তখন তার দৃষ্টিশক্তি কমে আসছিল এবং আগের তুলনায় প্রতিক্রিয়ার গতিও ধীর হয়ে গিয়েছিল। ছেলে সুয়োডে জানান, শুরুতে গেমের মধ্যে সোজা চলাফেরা করতেও তার মায়ের সমস্যা হতো। তিনি দেয়ালে ধাক্কা খেয়ে ঘুরে যেতেন এবং সিঁড়ি দিয়ে উঠতেও অসুবিধা হতো।

তবে এসব সমস্যায় হাল ছাড়েননি ঝং। নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে থাকেন তিনি। ২০২২ সালে নিজের গেম খেলার সেশন সরাসরি সম্প্রচার বা লাইভস্ট্রিম শুরু করেন।

সাধারণ মানের সরঞ্জাম ব্যবহার করেও ঝংয়ের ভালো গেম খেলা দেখে দর্শকেরা অবাক হয়ে যান। সময়ের সঙ্গে তার লাইভস্ট্রিম জনপ্রিয়তা পেতে শুরু করে। একপর্যায়ে হাজারো দর্শক নিয়মিত তার গেম খেলা দেখতে লাইভে হাজির হতে থাকেন।

এখন পর্যন্ত ঝং ৮ হাজার ঘণ্টারও বেশি সময় গেম খেলেছেন। তার পছন্দের গেমগুলোর মধ্যে শুটিংধর্মী গেমই বেশি।

২০২৪ সালের ডিসেম্বরে ঝং আরও বড় পরিসরে পরিচিতি পান। ওই সময় তাকে অনলাইনে আয়োজিত ‘কাউন্টার-স্ট্রাইক: গ্লোবাল অফেন্সিভ’-এর একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।

ছেলের গেমিং আসক্তি কেন হয়েছিল, তা বোঝার উদ্দেশ্যে যে যাত্রা শুরু করেছিলেন ঝং জুয়ানজুয়ান, সেটিই শেষ পর্যন্ত তাকে ৬০ বছর বয়সে অনলাইন গেমিং জগতের পরিচিত মুখে পরিণত করেছে। তার গেম খেলার শুরু হয়েছিল ছেলেকে বোঝার চেষ্টা থেকে, আর সেই পথেই তিনি হয়ে উঠেছেন জনপ্রিয় গেমিং লাইভস্ট্রিমার।

/এসএন