• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম


মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীনের প্রস্তাবকে সমর্থন দিল ইরান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ মে ২০২৬ ১১:২৫ পিএম

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্থাপিত চার দফা প্রস্তাবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, এ উদ্যোগ বাস্তবায়নে তারা বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রহমানি ফাজলি এক বিবৃতিতে বলেন, তেহরান চীনের এই শান্তি পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখছে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেন, এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা।

ইরানি রাষ্ট্রদূত আরও জানান, সম্প্রতি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। তার মতে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক ভূমিকার প্রতিই ইরানের এই সমর্থন একটি ইতিবাচক বার্তা বহন করছে।

ফাজলি তার বক্তব্যে বলেন, অভিন্ন উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে শি জিনপিংয়ের চার দফা পরিকল্পনা কার্যকর একটি কাঠামো হিসেবে কাজ করতে পারে। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটময় পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ আঞ্চলিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

এর আগে বেইজিং সফররত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই চার দফা শান্তি প্রস্তাব উপস্থাপন করেন। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে প্রস্তাবটি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের প্রকাশ্য সমর্থন চীনের শান্তি প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে এবং মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের কূটনৈতিক প্রভাব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।