• ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৭ পিএম


হোয়াইট হাউস ডিনারে গুলির ঘটনা ‘নাটকীয়ভাবে সাজানো’?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ মে ২০২৬ ১১:২৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাম্প্রতিক সময়ে একাধিকবার হত্যার চেষ্টা করা হলেও যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক মনে করেন, এসব ঘটনা প্রকৃত নয়; বরং পরিকল্পিতভাবে সাজানো বা নকল।

সোমবার (১১ মে) প্রকাশিত এক নতুন জনমত জরিপে দেখা গেছে, প্রতি চারজন আমেরিকানের মধ্যে একজন বিশ্বাস করেন যে গত মাসে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে সংঘটিত গুলিবর্ষণের ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে সাজানো হয়েছিল।

বিশ্লেষকদের ধারণা, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্রমূলক তত্ত্বের কারণেই সাধারণ মানুষের মধ্যে এ ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে।

অনলাইন সংবাদ নির্ভরতা যাচাইকারী প্রতিষ্ঠান নিউজগার্ড পরিচালিত ওই জরিপে রাজনৈতিক আদর্শভিত্তিক মতপার্থক্যের বিষয়টিও স্পষ্টভাবে উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট সমর্থকদের প্রায় এক-তৃতীয়াংশ মনে করেন ট্রাম্পের ওপর হামলার ঘটনাটি সাজানো ছিল। অন্যদিকে রিপাবলিকান সমর্থকদের মধ্যে এ ধারণা তুলনামূলক কম; তাদের মধ্যে প্রায় আটজনে একজন এই মত পোষণ করেন।

বিশেষ করে ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে এ ধরনের সন্দেহ সবচেয়ে বেশি দেখা গেছে। বয়স্কদের তুলনায় তরুণরা হামলার ঘটনাটিকে নাটকীয় বা কৃত্রিম বলে মনে করার প্রবণতায় এগিয়ে রয়েছেন।

গত এপ্রিলে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে সংঘটিত ওই হামলার ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে পরিস্থিতি মোকাবিলার কথা জানালেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব সাধারণ মানুষের একাংশকে প্রভাবিত করেছে।

রাজনৈতিকভাবে চরম মেরুকরণের বর্তমান সময়ে এ ধরনের জনমত মার্কিন প্রশাসনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। জরিপটি আরও ইঙ্গিত দিচ্ছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে তথ্যের সত্যতা যাচাইয়ের চেয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই মানুষের বিশ্বাস ও মতামত গঠনে বেশি প্রভাব ফেলছে।