লেবাননের জিবদিন গ্রামে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩, দুজন বাংলাদেশি
লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরাইলি বাহিনীর ভয়াবহ ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সংঘটিত এই হামলায় তাদের সঙ্গে আরও এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন বলে দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা নিশ্চিত করেছেন। নিহতরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিবদিন গ্রামের একটি বাড়িকে লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় ওই তিন ব্যক্তি বাড়ির ভেতরে অবস্থান করছিলেন অথবা বাড়ির আশপাশে কাজ করছিলেন।
হামলার পরপরই শক্তিশালী বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই দিনে জিবদিন গ্রামে এটি ছিল ইসরাইলি বাহিনীর দ্বিতীয় হামলা।
লেবানন-ইসরাইল সীমান্তজুড়ে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে নিহত বাংলাদেশি দুই কর্মীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় প্রায়ই ইসরাইলি বিমান ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। এসব হামলায় সাধারণ বেসামরিক নাগরিকের পাশাপাশি সেখানে কর্মরত বিদেশি শ্রমিকরাও হতাহতের শিকার হচ্ছেন।