• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৭:৩০ এএম


পাকিস্তানের সিন্ধ প্রদেশের ভয়াবহ অনার কিলিং প্রথা!

স্বামীর নির্যাতন থেকে বাঁচতে বাবার বাড়ি গিয়েছিলেন গুলান ভিরু, কিন্তু সেই বাবার হাতেই হতে হলো খুন !

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ মে ২০২৬ ১১:৩৮ পিএম

স্বামীর অত্যাচার থেকে বাঁচতে নিয়েছিলেন পুলিশের শেল্টার। তার পর সেখান থেকে বাবার বাড়ি। কিন্তু সেখানেও বাঁচতে পারলেন না গুলান ভিরু।
পাকিস্তানের সিন্ধ অঞ্চলে ‘পারিবারিক সম্মান’ রক্ষার নামে দুই সন্তানের জননী গুলান ভারুকে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি দেশটিতে তথাকথিত ‘অনার কিলিং’ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

স্থানীয় সূত্র ও মানবাধিকারকর্মীদের বরাতে জানা যায়, স্বামীর শারীরিক নির্যাতনের শিকার গুলান ভারু সম্প্রতি শ্বশুরবাড়ি ছেড়ে পুলিশের পরিচালিত একটি উইমেন শেল্টারে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তিনি অভিযোগ করেন, তার স্বামী তাকে হত্যার পরিকল্পনা করছে।

পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলে গুলান ভারু প্রথমে আশঙ্কা প্রকাশ করেন। তবে তার বাবা ব্যক্তিগত নিরাপত্তার আশ্বাস দেন। স্থানীয় সিন্ধি সংস্কৃতিতে মাথার পাগড়ি খুলে মাটিতে রেখে প্রতিশ্রুতি দেওয়া অত্যন্ত গুরুতর অঙ্গীকার হিসেবে বিবেচিত হয়।

তবুও শেল্টার ত্যাগের আগে গুলান ভারু পুলিশকে জানিয়েছিলেন, তিনি আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা তাকে হত্যা করতে পারে। এরপর কিছুদিনের মধ্যেই তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এটি একটি পরিকল্পিত ‘অনার কিলিং’।

ঘটনাটি দেশজুড়ে আলোড়ন তৈরী করার পর পাকিস্তানের সরকার ও পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। ইতিমধ্যেই এই হত্যাকান্ডে জড়িত সন্দেহে গুলানের বাবা, চাচা ও স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।