ছবি: সংগৃহীত
ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত, শপথ গ্রহণের পর নিজের প্রথম ভাষণে বলেছেন, “আমি কোনো ফেরেশতা নই, আমি একজন সাধারণ মানুষ।”
রোববার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপতি বিজয়। নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।
শপথের পর দেওয়া প্রথম ভাষণে বিজয় বলেন, “আমি কোনো রাজকীয় পরিবারের সদস্য নই। আমি একজন সাধারণ মানুষ। এই সাধারণ শিকড়ের কারণেই জনগণ আমাকে গ্রহণ করেছে। আমরা আপনাদের দেখাশোনা করব।”
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করবেন না। বরং “প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের একটি যুগ” গড়ে তোলার জন্য কাজ করবেন।
নিজের সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য জনগণের কাছে কিছুটা সময়ও চান থালাপতি বিজয়।
সরকার পরিচালনা প্রসঙ্গে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া এই নেতা বলেন, “আমি ছাড়া ক্ষমতার অন্য কোনো কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এ বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার করেছেন যে, জোটসঙ্গীদের চাপের বাইরে থেকে সরকার পরিচালনা করবেন এবং সরকারের সব সিদ্ধান্তের দায়িত্ব নিজেই নেবেন।
এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্যের জনগণের জীবনমান উন্নয়নে কেন্দ্রীয় সরকার সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন।
নির্বাচনি হলফনামায় বিজয় তার মোট সম্পদের পরিমাণ ৬২৪ কোটি রুপি বলে উল্লেখ করেছেন। এর মধ্যে ২১৩ কোটি রুপি সঞ্চয় হিসেবে রয়েছে এবং ১০০ কোটি রুপি বিভিন্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট আকারে জমা আছে।
তিনি আরও জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে একটি ‘শ্বেতপত্র’ প্রকাশের বিষয় বিবেচনা করা হবে।
জোট সরকার গঠন নিয়ে কয়েকদিনের নাটকীয়তার পর শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে লোকভবনে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়। এরপর গভর্নর তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
গত সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে সবচেয়ে বেশি আসন পায় থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। দলটি ১০৮টি আসনে জয় লাভ করে। ৫১ বছর বয়সী বিজয় নিজেও দুটি আসনে বিজয়ী হন।
২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। গত শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন ১১৬ আসনে সীমাবদ্ধ থাকায় গভর্নর সরকার গঠনের আহ্বান জানাননি।
পরে বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে টিভিকেকে সমর্থন দিলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। এই দুই দলের চারটি আসন যুক্ত হওয়ায় জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০।
এছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম)-এর সমর্থনপত্রও গভর্নরের কাছে জমা দেন থালাপতি বিজয়।
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম একাধিক দলের সমন্বয়ে জোট সরকার গঠিত হলো।
নতুন সরকারের অন্য মন্ত্রীরা হলেন— এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন, আর নির্মল কুমার, পি ভেঙ্কটরামানান, কে জি অরুণ রাজ, কে এ সেনগোট্টাইয়ান, টি কে প্রভু ও সেলভি এস কীর্তনা।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এছাড়া উপস্থিত ছিলেন থালাপতি বিজয়ের মা-বাবা, অভিনেত্রী তৃষা কৃষ্ণান, আমন্ত্রিত অতিথি এবং অসংখ্য সমর্থক।
/এইচটি