• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ এএম


স্কুলের খাবারে সাপের বাচ্চা, অসুস্থ ১৫০’র বেশি শিশু!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ মে ২০২৬ ৯:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের বিহার রাজ্যের সহরসা জেলার একটি স্কুলে মধ্যাহ্নভোজের খাবারে সাপের বাচ্চা পাওয়াকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

ঘটনাটি ঘটেছে মহিষী ব্লকের বালুয়াহা মিডল স্কুলে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে খাবার খাওয়ার সময় এক শিক্ষার্থীর থালায় মৃত সাপের বাচ্চা দেখতে পাওয়া যায়। ততক্ষণে অনেক শিক্ষার্থী খাবার খেয়ে ফেলেছিল।

এরপর মুহূর্তেই শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একে একে অনেকে পেটব্যথা ও বমির উপসর্গে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের স্থানীয় হাসপাতাল এবং সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর জেলা প্রশাসন তদন্তে বিশেষ দল গঠন করেছে। পাশাপাশি যে এনজিও স্কুলটিতে খাবার সরবরাহ করছিল, তাদের রান্নার পরিবেশ ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের মিড-ডে মিল প্রকল্পে খাবারের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিয়ে কড়া নির্দেশনা থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, শিক্ষার্থীদের খাবার পরিবেশনের আগে একজন শিক্ষককে খাবার পরীক্ষা করে দেখতে হয়। রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাবারের তাপমাত্রা বজায় রাখা এবং পোকামাকড় বা ইঁদুর প্রবেশ ঠেকাতে বিশেষ ব্যবস্থা রাখারও নিয়ম রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য নিরাপত্তা নির্দেশিকা যথাযথভাবে মানা হলে এমন ভয়াবহ ঘটনা এড়ানো সম্ভব ছিল।

সূত্র: Times of India

/এএসএফ